logo

শাহরুখ-প্রিয়াঙ্কাদের উদাহরণ টেনে যা বললেন অপু বিশ্বাস

শাহরুখ-প্রিয়াঙ্কাদের উদাহরণ টেনে যা বললেন অপু বিশ্বাস
শাহরুখ খান, অপু বিশ্বাস, প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: কোলাজ

ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সময়ের সঙ্গে নিজের কাজের পরিধি বাড়াতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব পালন করছেন, গড়ে তুলছেন ব্যবসায়িক পরিচয়ও। সব মিলিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি অভিনয়ে শিল্পীদের কাজের সুযোগ ও নিজের ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, একজন শিল্পীর কাজের ক্ষেত্র কেবল অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এ সময় নিজের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

অভিনেত্রীদের কাজ নেই এমন আলোচনা প্রসঙ্গে অপু বলেন, ‘অভিনেত্রীদের কাজ নেই অপু বিশ্বাস বাংলাদেশে কাজ করেছেন কি না, তার প্রমাণ তো আপনারাই। আমি আশা করব, আপনারা আমার হয়ে দু-একটি ভিডিও প্রকাশ করবেন। আমি এখন সন্তানের মা। পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আরও ভালো ব্যবসা করার লক্ষ্য রয়েছে।’

কথার একপর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন তারকার উদাহরণ টানেন অপু। তার মতে, একজন শিল্পীকে একই ধরনের কাজ বা নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে না থেকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম উল্লেখ করেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘একজন মানুষ সারা বছর একই জায়গায় থাকেন না। যেমন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই কিংবা আমাদের সবার স্বপ্নের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এক জায়গায় থেমে নেই। বিশ্বের বড় বড় দেশগুলোর দিকে আমাদের তাকানো উচিত।’

শিল্পীদের কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘এক জায়গায় বসে থাকলে তো হবে না। যারা এসব কথা বলেন, তাদের বলবেন বড় দেশগুলোর উদাহরণ অনুসরণ করতে। একজন অভিনেতা বা অভিনেত্রী কাজ করার পর তাদের অর্জন কী, তারা কোথায় গিয়ে কী করছেন-সেসব বিষয়ও দেখতে হবে।’

অপুর বক্তব্যে স্পষ্ট, অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দায়িত্ব সামলেও নিজের জন্য নতুন ক্ষেত্র তৈরি করতে চান তিনি। শুধু চলচ্চিত্রে কাজের সংখ্যার হিসাব নয়, একজন শিল্পীর সামগ্রিক অর্জন ও কাজের বিস্তারকেও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী।