logo

ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘গায়ে হাত দিলে হাত টুকরো করে দেব’

ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘গায়ে হাত দিলে হাত টুকরো করে দেব’
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব।’ ফেসবুকে এমন হুমকিমূলক পোস্ট দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। তার সঙ্গে যোগাযোগের সন্দেহে কয়েকজন তরুণকে হুমকি দেওয়া হচ্ছে দাবি করে তাদের গায়ে হাত না দেওয়ার জন্য এ হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রায়হান লেখেন, ‘আমার সঙ্গে যোগাযোগ আছে বলে মনে করে যেই ছোট ভাইদের হুমকি-ধমকি দিচ্ছেন, আচ্ছা আপনাদের কী মনে হয়, রায়হানের ছোট ভাইগুলো তোমাদের গালবাজিকে ভয় পায়?’

Advertisement

পোস্টে তিনি আরও লেখেন, ‘ছোট ভাইগুলোকে দূর থেকে হুমকি দিচ্ছেন, দেন। তবে বেশি কাছে আসার চেষ্টা করিয়েন না। পরে আর বাড়ি ফিরতে পারবেন কি না, সন্দেহ আছে।’ অনুসারীদের নিজের পরিবারের সদস্য উল্লেখ করে তিনি হুমকি দিয়ে লেখেন, ‘আমার ছোট ভাইগুলো আমার পরিবারের মতো। গায়ে হাত দিবে, সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব।’

রায়হানের এই পোস্ট এমন সময় এল, যখন এর মাত্র দুই দিন আগে, ১৫ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম মো. জাফর। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে রায়হানের বিরুদ্ধে।

এর আগে গত ৩১ আগস্ট বায়েজিদ বোস্তামী এলাকার ব্যবসায়ী মাকসুদ চৌধুরীর কাছে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং তার সন্তানদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী মাহফুজা রুনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

১৫ নভেম্বরের গুলির ঘটনায় ঘটনাস্থল থেকে চারটি পিস্তলের গুলির খোসা ও একটি রাইফেলের কার্তুজের খোসা উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় একটি ফোন নম্বর এবং অডিও রেকর্ড পাওয়া গেছে। সেগুলোর সূত্র ধরে তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম এলাকায় রায়হান উদ্দিন ও ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদের’ অন্যতম প্রধান সহযোগী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর তাদের অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে এসেছে। চাঁদা না পেলে অনুসারীদের দিয়ে গুলিবর্ষণ ও হামলা চালানো তার পুরোনো কৌশল। তবে একাধিক অভিযান চালিয়েও তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ১৪ সেপ্টেম্বর এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, রায়হান রাউজানের দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গড়েছেন। অবস্থান শনাক্তকরণ এড়াতে তিনি বিদেশি প্রযুক্তি ব্যবহার করছেন। ওই এলাকার ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করাও কঠিন হচ্ছে।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও সতর্ক করেছিলেন রায়হান।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ এশিয়া পোস্টকে বলেন, রায়হানের ওপর পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।