logo

আমার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গিয়েছেন: ডাকসু নেতা মুসাদ্দিক

আমার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গিয়েছেন: ডাকসু নেতা মুসাদ্দিক
ছবি : এশিয়া পোস্ট কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’

Advertisement

এ বিষয়ে মুসাদ্দিক এশিয়া পোস্টকে বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গত কয়েক দিন ধরেই আমার পৈত্রিক বাড়িতে হামলা করার জন্য পরিকল্পিতভাবে ক্যাম্পেইন করতেছিল এবং হুমকি দিয়ে আসছিল। তারা বলেছিল আমার বাড়িঘর ভাঙচুর করে আগুন দেবে। বাড়িঘরে যারা থাকে, তাদের মেরে ফেলবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল ফজরের সময় ওরা আমার বাড়ির পাশে ফুফুদের বাড়িতে আগুন দেয়। তাতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।’

পরিবারের সদস্যদের বিষয়ে মুসাদ্দেক বলেন, ‘আজ দুপুরের দিকে জোহরের ওয়াক্তের সময় তারা আমার বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে। শুধু তাই না, আমাদের গ্রামে অনেকগুলো বাড়িতে তারা ভাঙচুর এবং লুটপাট করেছে। আল্লাহর অশেষ রহমত যে হামলা শুরু হওয়ার আগে আমার পরিবারে যারা ছিলেন, তারা নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছিলেন। এ জন্য তারা প্রাণে বেঁচে গিয়েছেন।’

এই হামলার ঘটনায় সম্পৃক্ত থাকা ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।