মুকসুদপুরে থানায় আগুন

গোপালগঞ্জে মুকসুদপুরে থানায় আগুন দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে এ সময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরে তারা আগুন ধরিয়ে দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।




