টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে ৫ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার পাটগাতী এলাকায় আসলাম ফকিরের বাড়ির উঠানে এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।
সংবাদ সম্মেলনে আসলাম ফকির বলেন, টুঙ্গিপাড়ায় যেভাবে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে সুস্থ রাজনীতি করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
অন্যদিকে ফায়েকুজ্জামান ফকির বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ তাকে ভয়ভীতি দেখায়নি উল্লেখ করে তিনি জানান, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতে তিনি আর কোনো দলের রাজনীতি করতে চান না।
এ বিষয়ে বক্তব্য জানতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।





