শাবিপ্রবিতে দরজা ভেঙে লিফটে আটকে থাকা ২ শিক্ষার্থী উদ্ধার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষা ভবন-ডি’-তে বিকল লিফটে আটকে পড়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে লিফটের দরজা ভেঙে তাদের বের করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়।
আটকে পড়া দুই শিক্ষার্থী হলেন—লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম মিঞা ও হিমেল তালুকদার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ‘শিক্ষা ভবন-ডি’-এর চারতলা থেকে লিফটে ওঠেন ওই দুই শিক্ষার্থী। লিফট চালুর কিছুক্ষণ পরই তা হঠাৎ বন্ধ হয়ে যায়। আশপাশে থাকা সহপাঠীরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর এসে লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ আটকে থাকায় নাইম মিঞার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, চারতলা বিশিষ্ট এই ভবনের লিফটে দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি রয়েছে। গত ১৫ দিনে একাধিকবার লিফট বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রকৌশল দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী হিমেল তালুকদার বলেন, লিফট থেমে যাওয়ার পর আমরা ভেবেছিলাম এটি আবার স্বাভাবিক হবে। কারণ, আগেও এমন ঘটেছে। কিন্তু বারবার বাটন চেপেও লিফট চলেনি। ভেতরের তীব্র গরমে আমাদের দম বন্ধ হয়ে আসছিল।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, লিফটটিতে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। আমি নিজেও একবার এতে আটকে পড়েছিলাম। অসুস্থ শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে অক্সিজেন দেওয়া হয়েছে।
মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার পর স্বাস্থ্যগতভাবে ঝুঁকিমুক্ত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
এদিকে লিফটের স্থায়ী ত্রুটি ও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



