রাকসুর তপশিল ও সিনেট কার্যকরের দাবিতে আন্দোলনে নামছে শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন এবং সিনেট কার্যকরের দাবিতে মাঠপর্যায়ে আন্দোলনে নামছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনে নামার বিষয়টি জানান শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।
এসময় শিবির নেতারা জানান, পরবর্তী রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এরপর তারা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের অবস্থান এখনো জানা সম্ভব হয়নি।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, আজ আমরা আবারও রাকসুর কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি। এ ছাড়া এক সপ্তাহ ধরে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলতে চাইলেও আমাদের সাক্ষাতের সময় দেওয়া হয়নি। তিনি ক্যাম্পাসে অবস্থান করলেও আমাদের জানানো হয়েছে, তিনি বাইরে আছেন। তার কার্যালয়ের সাড়া থেকে আমাদের মনে হচ্ছে, তারা রাকসু নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। অথবা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেই চাচ্ছে না। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক।
রাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা প্রতিবছর নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করবেন এবং তাদের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে চায়, তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করবে।
তিনি আরও জানান, উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় না দেওয়া এবং নির্বাচন আয়োজনে প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধন করবে ছাত্রশিবির।
