রাবিতে দফায় দফায় সংঘর্ষ/নির্ধারিত সময়েও আসেনি তদন্ত প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পার হলেও সেটি প্রস্তুত হয়নি। তদন্ত কার্যক্রম শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম।
সোমবার (৩১ আগস্ট) এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অধ্যাপক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে। আগামীকাল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে বসবো। তথ্য সেল, জনসংযোগ দপ্তর ও সংশ্লিষ্ট হলের সিসি ক্যামেরার ফুটেজ দেখব। রসায়ন বিভাগও আগামীকাল লিখিত বক্তব্য জমা দেবে।
বিষয়টি নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, কমিটি কাজ করছে। তাদের সঙ্গে কথা হয়েছে। কাজটা যেহেতু জটিল, তাই একটু সময় লাগবে।
এর আগে ২৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে রসায়ন বিভাগের কমপক্ষে চার শিক্ষার্থী এবং বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হন।

ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।



