জাবি ছাত্রদলের দুই সদস্যকে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই সদস্যকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই সদস্য হলেন— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ইয়াসমা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য ইয়াসমা অনন্যা ফারিয়া ও ইমাম হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে বিজ্ঞপ্তিতে ওই দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ধরন কিংবা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এশিয়া পোস্টকে বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।’ তবে অভিযোগের ধরন বা ঘটনার বিস্তারিত তিনি জানাননি।
বহিষ্কৃত ইয়াসমা অনন্যা ফারিয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে ইমাম হোসেন বলেন, ‘আমি দলের বিরুদ্ধে কিছু বলতে চাই না।’
