শেকৃবিতে চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি দেশি-বিদেশি কোম্পানি

শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞান ও চাকরির বাজারের চাহিদার মধ্যে সমন্বয় তৈরি করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজন করা হচ্ছে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম-২০২৬। দিনব্যাপী এ আয়োজনে ২৫টির বেশি দেশি-বিদেশি কৃষি ও কৃষিভিত্তিক কোম্পানি অংশ নেবে। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর স্টলে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
আগামী বুধবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। এরপর দুপুর ১টা পর্যন্ত টিএসসি অডিটোরিয়ামে চলবে মূল আলোচনা পর্ব। এতে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। আলোচনা পর্বের পাশাপাশি টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরি মেলা চলবে।
আয়োজনের অন্যতম আকর্ষণ সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ। শিক্ষার্থীরা সিভি জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, কর্মপরিবেশ ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে স্নাতক সম্পন্ন করার আগেই সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচিতে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা, ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সংযোগ বাড়িয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে অনুষ্ঠান শেষে নিবন্ধন ফি ফেরত দেওয়া হবে। নিবন্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানের উপকরণ, নাশতা ও দুপুরের খাবারের টোকেন পাবেন। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে।
আয়োজনে সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধন সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

