logo
Advertisement

বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি টাকা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, যবিপ্রবি
বিদেশে উচ্চশিক্ষা শেষে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি টাকা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর মেয়াদ শেষ হলেও যোগদান করেননি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৩ জন শিক্ষক। শিক্ষা ছুটিকালীন বেতন-ভাতা নেওয়া এ শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ টাকা।

Advertisement

তথ্য অধিকার আইনে যবিপ্রবির শিক্ষকদের শিক্ষা ছুটিসংক্রান্ত তথ্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৯৪ জন শিক্ষক ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের অধিকাংশই মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণার জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে ২৩ জন শিক্ষকের ছুটির মেয়াদ শেষ হলেও তারা এখনও বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি। তাদের মধ্যে সিএসই ও এমবি বিভাগের ৪ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ৩ জন, ফার্মেসি ও ইএসটি বিভাগের ২ জন এবং আইপিই, সিএইচই, পিএমই, ইইই, বিএমই, জিইবিটি, এআইএস ও এনএফটি বিভাগের ১ জন করে শিক্ষক রয়েছেন।

এ বিষয়ে যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন জানান, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও যারা যোগদান করেননি তাদের কয়েক দফায় চিঠি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। জবাবে সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হলে পরবর্তীতে রিজেন্ট বোর্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান জানান, শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের যে অর্থ পাওনা রয়েছে তা ফেরত পাওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনোরকম ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এসব শিক্ষকরা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় উভয়েরই ক্ষতি করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এশিয়া পোস্টকে জানান, শিক্ষা ছুটি শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় আর্থিক ক্ষতির পাশাপাশি বিভাগগুলোতে শিক্ষক সংকট তৈরি হচ্ছে। তাই যারা দীর্ঘদিন ধরে যোগদান করছেন না তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।