নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সংগঠনটির পক্ষে তৎপরতা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আসাদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ টি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী মো. আসাদুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুল আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তার বিরুদ্ধে সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতায় যুক্ত থাকা, সংগঠনটির পক্ষে প্রচারমূলক কনটেন্ট প্রকাশ এবং ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এ ছাড়া তার কক্ষে কয়েক মাস ধরে একজন বহিরাগত অবস্থান করছিলেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
