এক বিষয়ে ডিগ্রি, অন্য পরিচয়ে বিভাগীয় প্রধান

স্নাতকোত্তর করেছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনায় নিজের ডিগ্রি উল্লেখ করেছেন মাইক্রোবায়োলজিতে। শুধু তাই নয়, এমফিল ডিগ্রি সম্পন্ন না করলেও বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাসে তাকে দেখানো হয়েছে এমফিল ডিগ্রিধারী হিসেবে। এমন একাধিক অসংগতির অভিযোগ উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. শাহ আলমের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস, শিক্ষক পরিচিতি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এসব অসংগতি পাওয়া গেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি না থাকা এবং এমফিল সম্পন্ন না করার পরও কীভাবে তিনি একটি বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনায় মো. শাহ আলমের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউওডিএ) থেকে ২০০৯ সালে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তবে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ২০১০ সালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার সিজিপিএ ছিল ৩ দশমিক ১৯।
তার অর্জিত স্নাতকোত্তর ডিগ্রি মাইক্রোবায়োলজিতে নয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। ইউওডিএর রেজিস্ট্রার আরও জানিয়েছেন, পাঠ্যক্রমে মাইক্রোবায়োলজির কিছু কোর্স থাকলেও ডিগ্রি হিসেবে মাইক্রোবায়োলজিতে এমএসসি উল্লেখ করার সুযোগ নেই।
শুধু স্নাতকোত্তর ডিগ্রি নয়, এমফিল নিয়েও অসংগতি পাওয়া গেছে। গণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রসপেক্টাসে শাহ আলমকে এমফিল ডিগ্রিধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি সেখানে এমফিল ডিগ্রি সম্পন্ন করেননি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা শাখার সহকারী রেজিস্ট্রার মো. ফরিদ উদ্দিন এশিয়া পোস্টকে জানান, মো. শাহ আলম ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এমফিলে ভর্তি হয়েছিলেন। তিনি লিখিত পরীক্ষা ও একটি প্রেজেন্টেশনে অংশ নিলেও পরবর্তী প্রেজেন্টেশন ও পরীক্ষাগুলো সম্পন্ন করেননি। নির্ধারিত সর্বোচ্চ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার এমফিল ডিগ্রি অর্জন করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার এমন অসংগতি থাকা সত্ত্বেও শাহ আলম দীর্ঘদিন ধরে মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি বিভাগটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বেও রয়েছেন। তাদের মতে, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়া ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘তিনি কীভাবে শিক্ষকতায় এসেছেন, তা জানি না। এই বিভাগে তার বাইরেও বেশ কয়েকজন ভালো শিক্ষক রয়েছেন। তাদের কাউকে দায়িত্ব না দিয়ে বিতর্কিত একজনকে বিভাগীয় প্রধান করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনই ভালো বলতে পারবে। বলা যায়, পুরো ক্যাম্পাস এখন শাহ আলম স্যারের অধীনে। তিনি মাইক্রোবায়োলজি থেকে পড়াশোনা না করলেও বিভিন্ন জায়গায় এই বিষয়েই স্নাতকোত্তর করেছেন বলে পরিচয় দেন।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক কন্ট্রোলার মীর মুর্তজা আলী বাবু বলেন, ‘আমি এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তবে ২০১৫ সালের দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে তার শিক্ষকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তখন প্রতিষ্ঠানের সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি চেপে যাওয়া হয়।’
ইউওডিএর রেজিস্ট্রার ড. ইফাদ কায়েস চৌধুরী ক্যামেরার সামনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানান, মো. শাহ আলম ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ২০১০ সালে পাস করেন। তার ডিগ্রি মাইক্রোবায়োলজিতে নয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। সিজিপিএ ৩ দশমিক ১৯। পাঠ্যক্রমে মাইক্রোবায়োলজির কিছু কোর্স থাকলেও ডিগ্রি হিসেবে মাইক্রোবায়োলজিতে এমএসসি লেখার সুযোগ নেই। ডিগ্রির সঠিক নামই উল্লেখ করতে হবে।
বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন কি না, জানতে চাইলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক শেখ আল আমিন এশিয়া পোস্টকে বলেন, শিক্ষকসংকট থাকলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের মাধ্যমে কিছু সহায়ক কোর্স পরিচালনা করা যেতে পারে। তবে মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক পটভূমি ও স্বচ্ছতা বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্জিত ডিগ্রির বাইরে অসত্য তথ্য নথিতে উপস্থাপন করা বিধিবিধানের পরিপন্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হবে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রির তথ্য নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে মো. শাহ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বিভাগে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি কক্ষে তালা দিয়ে চলে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। কারণ, তার নিয়োগ আমার সময়ে হয়নি। তিনি মাইক্রোবায়োলজির শিক্ষার্থী ছিলেন কি না, সেটিও জানি না। নথিপত্রে কোথাও মাইক্রোবায়োলজির কথা নেই।’
তবে উপাচার্যের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত প্রসপেক্টাসে শাহ আলমের শিক্ষক পরিচিতিতে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তরের তথ্য দেখানো হলে তিনি সেটিকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে উল্লেখ করেন।

