Advertisement

এই মুহূর্তে বিএনপি সরকারের বিকল্প নেই: নুরুল হক

এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
এই মুহূর্তে বিএনপি সরকারের বিকল্প নেই: নুরুল হক
ছাত্রঅধিকার পরিষদ ঢাকা কলেজ অয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নরুল হক নুর। ছবি : এশিয়া পোস্ট

এই মুহূর্তে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ছাত্রঅধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, জনগণ ১৭ বছরের ফ্যাসিবাদ হটিয়েছে। সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে। সরকার দায়িত্ব ছেড়ে দিলে কে দেশ চালাবে? এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমি প্রতিমন্ত্রী রয়েছি বলে বিএনপির দালালি করছি, বিষয়টি এমন নয়। এটা বাস্তবতা। অন্তবর্তী সরকারের সময় আমি বিষয়গুলো কাছ থেকে দেখেছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গোটা বিশ্বেই জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়। আমি সরকারের ভেতর থেকে দেখেছি কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এটা প্রশংসনীয়। এ জন্য অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে প্রশংসা করতেই হবে। তাদের প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে। কারণ আমরা আতঙ্কে ছিলাম যে, একটি বড় সংকট তৈরি হতে পারে।

বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এই সমস্যাটি দীর্ঘদিনের। কিন্তু আমাদের শিক্ষিত তরুণরা না বুঝে বিভিন্ন আন্দোলনের পেছনে ছুটছে। এতে বিদেশি শক্তি, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে চায় এবং সরকারকে জিম্মি করে নিজেদের স্বার্থ আদায় করতে চায়, তারা সুযোগ পেয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চিন্তাভাবনা বরং নিজের ক্ষতি ডেকে আনবে আখ্যা দিয়ে নুরুল হক বলেন, শিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্মকে অনুরোধ করব, সরকারের সমালোচনা করুন, দুর্বলতা নিয়ে আলোচনা করুন। সরকারকে সঠিক পথে সিদ্ধান্ত নিতে বাধ্য করুন। বিভ্রান্তিকর রাজনীতি, অশ্রাব্য ও অসামাজিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় :ঢাকা কলেজ