সনদ তুলতে ১০ দপ্তরে ঘুরতে হয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

স্নাতক শেষ করার পর বিশ্ববিদ্যালয়ের সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়া ও নানা জটিলতার মুখে পড়ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লিয়ারেন্স ফর্মে স্বাক্ষর সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কাগজপত্র জমা ও নির্ধারিত ফি পরিশোধ সব মিলিয়ে সনদ হাতে পেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। বিশেষ করে দূরবর্তী জেলা থেকে আসা সাবেক শিক্ষার্থীদের এ প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক দিন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, সনদ ও নম্বরপত্র সংগ্রহের আগে শিক্ষার্থীদের ক্লিয়ারেন্স ফর্ম জমা দিতে হয়। এ ফর্মে স্বাক্ষর সংগ্রহের জন্য যেতে হয় অন্তত ১০টি দপ্তরে। দপ্তরগুলো হলো বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় গ্রন্থাগার, হল প্রভোস্ট, প্রক্টর অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শারীরিক শিক্ষা দপ্তর, মেডিকেল সেন্টার, পরিবহন পুল ও আইসিটি সেল।
এসব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা দপ্তরপ্রধানের স্বাক্ষর সংগ্রহ করতে অনেক সময় কয়েক দিন লেগে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাপ্তরিক ব্যস্ততা কিংবা ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। এক দিনে সব দপ্তরের স্বাক্ষর সংগ্রহ সম্ভব না হলে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীরা। কয়েক দিন অতিরিক্ত ক্যাম্পাসে অবস্থান করতে গিয়ে তাদের আবাসন ও যাতায়াত বাবদ বাড়তি অর্থও ব্যয় করতে হচ্ছে।
অন্যদিকে মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট সংগ্রহের ক্ষেত্রেও রয়েছে নির্ধারিত ফি ও সময়সীমা। দ্বিতীয় থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত মার্কশিট সংগ্রহ করতে ব্যাংকে জমা দিতে হয় ১ হাজার ৫০ টাকা। জরুরি ভিত্তিতে সংগ্রহ করতে চাইলে দিতে হয় ১ হাজার ৪০০ টাকা। ফি জমা দেওয়ার পর ব্যাংকের রসিদ জমা দিতে হয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে।
চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট সংগ্রহের জন্য ব্যাংকে জমা দিতে হয় ৩০০ টাকা। এরপর টাকা জমার রসিদ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দেওয়ার সাত দিন পর ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়। জরুরি ভিত্তিতে নিতে চাইলে ফি দিতে হয় ৫০০ টাকা। সে ক্ষেত্রে সময় লাগে তিন দিন।
সাময়িক সনদ সংগ্রহের জন্যও শিক্ষার্থীদের ৩০০ টাকা ফি দিতে হয়। পাশাপাশি জমা দিতে হয় এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, সর্বশেষ সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পর সনদ পেতে অপেক্ষা করতে হয় সাত দিন। সব মিলিয়ে ক্লিয়ারেন্স ফর্মে স্বাক্ষর সংগ্রহ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সময় ও শ্রম দুটোই ব্যয় হচ্ছে।
এ ভোগান্তির কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পঞ্চগড়ের বাসিন্দা সানজিদা বলেন, ক্লিয়ারেন্স নিতে ও কাগজপত্র জমা দিতে এতদূর আসা। আবার হল প্রভোস্টের স্বাক্ষর আজকে পাইনি। এ ক্ষেত্রে আমার এখানে আজকে রাত থাকতে হবে; যা মেয়ে হিসেবে আমার কাছে ভোগান্তির বিষয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মার্কশিট কিংবা সার্টিফিকেট এখান থেকেই প্রসেস হয়, কিন্তু সম্পূর্ণ বিষয়টা সেন্ট্রালি নিয়ন্ত্রণ হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ থাকতেই পারে যে এটা কিভাবে আরও সহজ করা যায়।
শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অটোমেশন ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্লিয়ারেন্সের ক্ষেত্রে ভোগান্তির বিষয়টি শুনেছি। অটোমেশন সফটওয়্যারটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি থাকবে না। আশা করছি দ্রুতই চালু করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন বলেন, এরই মধ্যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে অ্যাপস তৈরি করা হয়েছে।

