উঠানে বসে ছিল শাহীন, রডের আঘাতের পর ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে এক কিশোরকে রড দিয়ে পিটিয়ে ও পরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া (১৭) ওই গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে। সিরাজুল ইসলাম রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। আটক দেলোয়ার হোসেন দিলু (৩০) একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দিলু মাঝেমধ্যে অস্থির আচরণ করতেন এবং হঠাৎ উত্তেজিত হয়ে পড়তেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শাহীন প্রতিবেশী নয়ন মিয়ার উঠানে বসে ছিলেন। এ সময় দিলু হঠাৎ সেখানে গিয়ে প্রথমে রড দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয়।
এ সময় স্থানীয় লোকজন দিলুকে ধরে মারধর করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে শাহীন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আটক দেলোয়ার হোসেন দিলুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে। তিনি মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো আচরণ করতেন। তবে ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।


