logo

ঢাবির এসএম হলে নামফলক ভাঙচুর, ছাত্রদলকে দুষছে ডাকসু

ঢাবির এসএম হলে নামফলক ভাঙচুর, ছাত্রদলকে দুষছে ডাকসু
ঢাবির এসএম হলে নামফলক ভাঙচুর। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এ ভাঙচুরের ঘটনায় হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে ডাকসু। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ঘটনার পেছনে অন্য একটি পক্ষের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছে ছাত্রদল।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এসএম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। কক্ষের আয়তন তুলনামূলক ছোট হওয়ায় প্রাথমিক পর্যায়ে পাঁচটি কম্পিউটার দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছিল। তবে উদ্বোধনের পরদিন রাতেই ল্যাবের নামফলকটি ভাঙচুর করা হয়।

ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগের ধারাবাহিকতায় এসএম হলেও ল্যাব চালু করা হয়েছে। কিন্তু উদ্বোধনের পরদিন রাতেই এর নামফলক ভেঙে ফেলা হয়েছে। তার দাবি, এর আগেও ছাত্রদল ডাকসুর বিভিন্ন কার্যক্রমের নামফলক ভাঙচুর করেছে এবং তাদের উদ্যোগে বাধা সৃষ্টি করেছে। সেই অভিজ্ঞতা থেকেই এ ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে বলে তাঁরা মনে করছেন। শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া একটি উদ্যোগকে স্বাগত জানানোর পরিবর্তে ভাঙচুরের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে এসএম হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন) বলেন, শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের সেক্রেটারির মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। পরে হলের গ্রুপে নেতাকর্মীদের কাছে এ বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, তা নিজেদের অবস্থান থেকে খতিয়ে দেখছেন বলে জানান তিনি।

এ সময় পাল্টা অভিযোগ তুলে তাওহিদুল ইসলাম বলেন, গত দুই দিনে হল শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের পদধারী ও সংশ্লিষ্ট কয়েকজনকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। শুক্রবারও তারা এ কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন। তার দাবি, এতে হলে শিবিরের রাজনীতি কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে এবং ছাত্রদলের ইতিবাচক কর্মকাণ্ডকে ম্লান করতেই শিবিরের কেউ এ ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ওপর দায় চাপিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

এ বিষয়ে এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম বলেন, হলের শাহিন নামের এক শিক্ষার্থী ফোনে তাকে নামফলক ভাঙচুরের বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ভাঙচুরের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।