logo

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন।

Advertisement

মারধরের শিকার শিক্ষার্থীর নাম রমযান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন রমযান। এ সময় এক সেনাসদস্য রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেই আঘাত রমযানের শরীরে লাগে। পরে এ বিষয়ে ওই সেনাসদস্যের কাছে জানতে চাইলে তাকে কয়েক দফা লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে ঘটনার প্রতিবাদ করায় তাকে একটি কক্ষে নিয়ে পায়েও আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীদের ভাষ্য, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে আশুলিয়ার বিশমাইল এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক সেনাসদস্যের সঙ্গেও ওই শিক্ষার্থীর ঝামেলা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এখনো অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।