বাকৃবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. রফিকুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।
সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) অর্জন করেন।
তিনি ২০২৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত ২০ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বে থাকা অবস্থাতেই এবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি। অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অ্যানিমল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।


