logo
Advertisement

ক্লাস শুরুর একমাসেও হয়নি কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি
ক্লাস শুরুর একমাসেও হয়নি কেন্দ্রীয় ওরিয়েন্টেশন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২১তম ব্যাচের ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও অনুষ্ঠিত হয়নি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও নোবিপ্রবিতে এ আয়োজন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নবীন শিক্ষার্থীরা।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই থেকে নোবিপ্রবির ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়নি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিস বলেন, গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই ওরিয়েন্টেশন হয়ে গেছে। কিন্তু আমাদের এখনও হয়নি। এ বিষয়ে আমরা খুবই হতাশ। প্রশাসনের কাছে আমাদের দাবি, ওরিয়েন্টেশন যেন অনতিবিলম্বে দেওয়া হয়।

একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই ওরিয়েন্টেশন হয়েছে। কিন্তু এক মাসের বেশি সময় ধরে ক্লাস করে আসলেও আমাদের এখনও ওরিয়েন্টেশন দেওয়া হয়নি। আশায় ছিলাম, আমাদের সুন্দরভাবে বরণ করে নেওয়া হবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হব। শিগগিরই আমাদের বরণ করে নেওয়া হোক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়া মারমা বলেন, এতদিন হয়ে গেল এসেছি, এখনও ওরিয়েন্টেশনের দেখা নাই। একটা আশা নিয়ে এসেছিলাম, সেটাও বোধহয় অপেক্ষাতেই সীমাবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের ডিবিএ বিভাগের শিক্ষার্থী মো. সজিব হোসাইন বলেন, আমাদের একটি সুন্দর ও স্মরণীয় সেন্ট্রাল ওরিয়েন্টেশনের প্রত্যাশা ছিল। কিন্তু সেটি না হওয়ায় মনে কিছুটা হতাশা ও ক্ষোভ থেকেই যায়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন স্বপ্ন ও অনুভূতির এক বিশেষ স্মৃতি। আমরা চেয়েছিলাম সবাই একসঙ্গে মিলিত হয়ে নতুন পথচলার আনন্দ ভাগ করে নিতে। আমরা চাই, এই ইচ্ছা ও প্রত্যাশার মূল্য দেওয়া হোক।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর উপদেষ্টা ড. শিবলুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আমাদের কেন্দ্রীয়ভাবে একটি নবীন বরণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সামনের মাসের শুরু দিকে হয়ত একটি মিটিং হবে। তখন সবকিছু জানা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এটা বৃষ্টির জন্য বন্ধ রাখছি। আমাদের তো অডিটোরিয়ামে জায়গা হবে না। বাইরে করতে হবে। এটা সেপ্টেম্বরে করব। বৃষ্টি বন্ধের জন্য ওয়েট করছি।