logo
Advertisement

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় জাকসুর সেলফ ডিফেন্স ট্রেনিং

এশিয়া পোস্ট নিউজ, জাবি
নারী শিক্ষার্থীদের আত্মরক্ষায় জাকসুর সেলফ ডিফেন্স ট্রেনিং
জাবি ক্যাম্পাস। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে মাসব্যাপী– সেলফ ডিফেন্স ট্রেনিং আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে মার্শাল আর্টের প্রাথমিক অনুশীলন, আত্মরক্ষার বিভিন্ন কৌশল এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এক মাসব্যাপী এ কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে শনি, রবি ও মঙ্গলবার ক্লাস নেওয়া হবে। প্রতিটি ক্লাসের সময় হবে দেড় ঘণ্টা।

আয়োজকরা আরও জানান, প্রশিক্ষণটি দুইটি ব্যাচে অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচের ক্লাস বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ক্লাস বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ১০০টি আসনের মধ্যে প্রতি ব্যাচে ৫০ জন করে নারী শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কোর্সটি সফলভাবে সম্পন্নকারীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

এ বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা নারীদের জন্য যে আদর্শ পরিবেশ থাকা প্রয়োজন, সেই জায়গায় রাষ্ট্রযন্ত্র অনেকটাই ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নারীদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাকসুর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশিক্ষণে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম ও আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত কিছু তাত্ত্বিক বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য এটি জাকসুর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমরা মনে করি।