বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্রলীগকর্মীকে পুলিশে সোপর্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকের অপশাসনের দাবিতে চলমান আন্দোলন থেকে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ওই ব্যক্তি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছাত্রদলের নেতাকর্মীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বহিরাগত ও ছাত্রলীগের রাজনীতি করেন বলে স্বীকার করেন। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক আমিনুল ইসলাম আশিক বরিশালের কর্ণকাঠি এলাকার বাসিন্দা। তিনি বরিশালের হাতেম আলী কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বিভিন্ন সময়ে ছাত্রলীগ-সংশ্লিষ্ট পোস্ট এবং জুলাই আন্দোলন নিয়ে কটূক্তিমূলক মিমস শেয়ার করার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে ছাত্রদল।
আশিকের বড় বোন বলেন, আমরা তার বিষয়ে আগে পারিবারিকভাবে আলোচনা করেছি। তাকে বারবার নিষেধ করা হলেও সে আমাদের কথা শোনেনি।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ক্যাম্পাসে চলমান সিডিএম বিভাগের আন্দোলনে কিছু অসংগতি আমাদের চোখে পড়ে। আন্দোলনের পরিবেশ পরিবর্তন হচ্ছে দেখে আমরা বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে একজন বহিরাগতকে শনাক্ত করি। পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি বহিরাগত হিসেবে স্বীকার করেন। তার ফোন ঘেঁটে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকিটা আইনগতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে।
বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ এশিয়া পোস্টকে বলেন, সিডিএমের আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম। এ ঘটনা মাত্র শুনলাম। ছাত্রলীগ ধরে যদি পুলিশে দেয় সেটা মন্দ না।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আমি মামলার সাক্ষ্য দিতে ঢাকায় যাচ্ছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।



