logo

ঢাবিতে হলের ক্যানটিনে খেতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবিতে হলের ক্যানটিনে খেতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল
ছবি : এশিয়া পোস্ট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ণব সাহাকে ঢাবির জগন্নাথ হল থেকে আটক করে পুলিশে দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ক্যানটিনে খাবার খেতে এলে তাকে হাতেনাতে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেন তারা।

অর্ণবের হলের সিট আগেই বাতিল হলেও দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে হলে যাতায়াত ও অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, রোববার বিকেলে অর্ণব সাহা জগন্নাথ হলের ক্যানটিনে খাবার খেতে যান। এ সময় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। আটকের সময় উত্তেজিত শিক্ষার্থীদের মারধরে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, হলের সিট না থাকলেও অর্ণব সাহা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে লুকিয়ে হলে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় ক্যানটিনে তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।

সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও অর্ণবের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই ছাত্রদল নেতা।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, তা প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আটক অর্ণব সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।