logo
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা
অন্ধকারে জ্বলন্ত মোমবাতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। প্রতিদিন দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ -এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।