চবিতে ছাত্রদল নেতার হুমকির পর হল প্রভোস্টের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের হুমকির পর পদত্যাগ করেছেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনও আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন রেজিস্ট্রার হাছান মিয়া।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের একটি কথোপকথন ছড়িয়ে পড়ে। এ অডিও রেকর্ডের ভিত্তিতে আবাসিক হলে নিজ গ্রুপের কর্মীকে সিট না দেওয়ায় ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়। আমার পদত্যাগে কিছু আসে যায় না।
অন্যদিকে ছাত্রদলের হলে অবৈধভাবে সিট দখলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চবি ছাত্রশিবির। রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
অডিও রেকর্ড অনুযায়ী, রাশিদুল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে হলে আসন বরাদ্দ দেওয়ার জন্য প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান। রাশিদুল ক্যাম্পাসে নোমানের অনুসারী বলে পরিচিত। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন।



