চলতি মাসেই পূর্ণাঙ্গ অটোমেশনের আওতায় আসবে ৩ অনুষদ: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান জানিয়েছেন, চলতি মাসের ৩০ সেপ্টেম্বর থেকে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অনুষদে সম্পূর্ণভাবে অটোমেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ ছাড়াও আগামী মাসের মধ্যেই সমাজবিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত মিট দ্য ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
চবি উপাচার্য বলেন, অটোমেশনের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম প্রণয়ন করা হয়েছে, একজন শিক্ষক পরীক্ষার উত্তরপত্র গ্রহণ করার পর মূল্যায়নের জন্য নির্ধারিত সময় পাবেন। প্রদত্ত নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হলে সিস্টেমে নম্বর ইনপুট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। কেন নির্দিষ্ট সময়ে খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি–তার কারণ ব্যাখ্যা করে ব্যবস্থাটি আনলক করার জন্য শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে জানাতে হবে। শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেন সময় নষ্ট না হয়।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট বা সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে দাপ্তরিক জটিলতা ও ভোগান্তি কমানোর লক্ষ্যে সম্প্রতি একটি সার্টিফিকেট অ্যাপ চালু করা হয়েছে। শিক্ষার্থীরা এখন থেকে অ্যাপের মাধ্যমেই আবেদন জমা দিতে পারবে। আবেদনের পর সার্টিফিকেটের বর্তমান প্রগ্রেস এবং তা উত্তোলনের সুনির্দিষ্ট তারিখসহ যাবতীয় তথ্য অ্যাপেই জানা যাবে।
উপাচার্য আরও জানান, ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে সব শিক্ষার্থীর পক্ষে একসাথে পড়াশোনা করা সম্ভব নয়। তাই লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বিশ্বমানের বই, গবেষণাপত্র ও জার্নাল ই-রিসোর্স হিসেবে কিনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নিজ বাসা বা ক্যাম্পাসের বাইরে অবস্থান করেও এসব রিসোর্স অনলাইনে ও ই-লাইব্রেরির মাধ্যমে সহজে ডাউনলোড ও ব্যবহার করতে পারে, সেজন্য রিমোট অ্যাক্সেস সুবিধা তৈরি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সেবাটি পুরোপুরি চালু হবে, যার ফলে শিক্ষার্থীরা যেকোনো দূরবর্তী স্থান থেকেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সঙ্গে যুক্ত থাকতে পারবে।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি অনুষদ থেকে আড়াইশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


