Advertisement

জবিতে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি

এশিয়া পোস্ট নিউজ, জবি
জবিতে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি
জবিতে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এতে জড়িতদের শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। কর্মসূচি শেষে তারা উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন কাছে প্রক্টরের পদত্যাগ দাবিসহ চার দফা দাবিতে একটি স্মারকলিপি দেন।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন— ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান উদ্দিন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ বখতিয়ার ইসলাম।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ৪ আগস্টের ছাত্রদলের হামলায় আহত দুই শিক্ষার্থীর ওপর পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেও হামলা হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাই।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ বখতিয়ার ইসলাম বলেন, আমাকে দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জাফর আহমেদ বাঁশ নিয়ে তেড়ে আসে এবং আমার ওপর হামলা চালায়। হামলার কারণে আমি কিডনিতে গুরুতর আঘাত পাই। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানের ওপর হামলার নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ইমেল। ওই হামলায় নোমানও গুরুতর আহত হন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে। ছবি: এশিয়া পোস্ট
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে। ছবি: এশিয়া পোস্ট

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৪ আগস্টের সহিংস ঘটনায় বিভাগের দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ ছাড়া স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়া। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ ও সহিংসতার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করে প্রক্টরের পদত্যাগ। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, একাডেমিক সহায়তা প্রদান। এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যামান কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাসির উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন করেছে এবং পরে প্রশাসনের সঙ্গে দেখা করেছে। বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইউজিসির চেয়ারম্যানের সামনে ইনকিলাব মঞ্চ ও জকসুর নেতাকর্মীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় প্রশাসনের বাধার অভিযোগ ওঠে।

পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালালে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান উদ্দিন ও মোহাম্মদ বখতিয়ার ইসলাম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাদের ওপর ছাত্রদল হামলা চালায়। এ ঘটনার বিচার, দোষীদের শাস্তি এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতেই ইসলামিক স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন।