logo
Advertisement

ধর্ষণচেষ্টার ১১৮ দিনেও আসামি অধরা, ‘ভয়াবহ রাষ্ট্রীয় ব্যর্থতা’ বললেন জাকসু জিএস

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,জাবি
ধর্ষণচেষ্টার ১১৮ দিনেও আসামি অধরা, ‘ভয়াবহ রাষ্ট্রীয় ব্যর্থতা’ বললেন জাকসু জিএস
জাকসু জিএস মাজহারুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় ১১৮ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম। ঘটনাস্থলের ‘ক্লিয়ার ফুটেজ’ থাকার পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারাকে ‘ভয়াবহ রাষ্ট্রীয় ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জাকসুর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ঘটনার পরপরই আমরা জাকসু থেকে সম্পৃক্ত হয়েছি। গেটগুলো লক করে দেওয়া থেকে শুরু করে অভিযুক্তকে ধরার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট কোনো দপ্তর নেই, যেখানে জাকসু যোগাযোগ করেনি।

জাকসুর জিএস বলেন, জনমত তৈরি করা, রাজপথ অবরোধ করা, মিছিল-সমাবেশ করে চাপ প্রয়োগ করা, ঢাকা জেলা পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সঙ্গে যোগাযোগ—সবই করা হয়েছে। এখানে ডিবিকে নিয়োগ করা হয়েছে, গোয়েন্দা সংস্থার এসবিকেও নিয়োগ করা হয়েছে। সর্বশেষ বর্তমানে বিষয়টি সিআইডির কাছে আছে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ জায়গায় আমরা গিয়েছি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ভিকটিমকে সঙ্গে নিয়ে আমরা গিয়েছি। এত বড় জায়গায় যাওয়ার পরও যখন এত স্পষ্ট একটি ঘটনা, যেখানে ক্লিয়ার ফুটেজ থাকার পরেও তাকে গ্রেপ্তার করা যায় না, এটা একটা ভয়াবহ রাষ্ট্রীয় ব্যর্থতা।

অভিযুক্তকে গ্রেপ্তারে দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলে মাজহারুল ইসলাম বলেন, এমন একটা জায়গায় আরও অনেক বড় বড় ক্লু থেকে বের করে ফেলা যায়, কিন্তু এখান থেকে বের করতে পারছে না। এখানে আসলে অন্য কিছু আছে কি না, সেটা আমাদের মনে এখন প্রশ্নের উদ্রেক করছে।