অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইউটিএল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
রোববার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এক শোকবার্তায় এ দাবি জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অপ্রতিমের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একজন মায়ের একমাত্র সন্তানকে এভাবে হারানোর বেদনা অত্যন্ত হৃদয়বিদারক। তারা অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তারা অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কোনো অপরাধী যেন প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, গোটা জনপদের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রতিটি অপরাধের বিচার এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


-0834ee.jpg)