নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে আগুন, পুড়ল একাংশ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ের কাশবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাশবনের একাংশে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখেন নিরাপত্তাকর্মীরা। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তাকর্মীরা জানান, আগুন দেওয়ার সময় তারা কাউকেই ঘটনাস্থলে দেখতে পাননি।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ এই কাশবন। ক্যাম্পাসের লেকের পাড়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের দর্শনার্থীরা আসেন। কাশবনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়টি এখনো অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে এসে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ ক্যাম্পাসে আসেন। কাশবনে আগুন দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া উচিত।
ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
