রাতে অভিমান করে ঘর ছাড়েন রেজা, সকালে মিলল মরদেহ

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রেজাউল করিম পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন এবং স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজনগরের নিজ বাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পরিবারের সদস্যদের ওপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল। এরপর আর তিনি ফিরে আসেননি। রাত থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
পুলিশ জানায়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, সকাল আনুমানিক ৭টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমাদের টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানটি নিরাপদ করে (ক্রাইম সিন সিকিউর)। পরে সিআইডির ফরেনসিক দল এসে আলামত সংগ্রহ করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে এবং দ্রুতই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
