logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৫ বছর পর দেশে ফিরলেন নেপালি নাগরিক

বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৫ বছর পর দেশে ফিরলেন নেপালি নাগরিক
বাংলাবান্ধা জিরো পয়েন্টে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। ছবি : এশিয়া পোস্ট

পাঁচ বছর আগে বাংলাদেশে আসার পর পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন নেপালের নাগরিক খায়রুদ্দিন আনসারি (২৯)। দীর্ঘদিন কুষ্টিয়ায় এক ব্যক্তির তত্ত্বাবধানে থাকার পর অবশেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বিজিবি, বিএসএফ, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং নেপাল দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ-২-এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন। প্রায় পাঁচ বছর আগে তিনি কোন সীমান্তপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তা বলতে পারেননি। তবে পাঁচ বছর আগে কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন।

তিনি আরও বলেন, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুদ্দিনের ছবি ও বাংলাদেশে তার অবস্থানের তথ্য প্রচার করা হলে পরিচয় শনাক্ত হয়। এরপর বাংলাদেশ ও নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাসের উদ্যোগে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজ দেশে পাঠানো হয়েছে।

প্রত্যাবাসনের সময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, ভারতের ফুলবাড়ী বিওপির বিএসএফ সদস্য এবং বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় খায়রুদ্দিনের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। নেপাল দূতাবাসের কর্মকর্তা তাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেবেন বলে জানানো হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে ওই নেপালি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিজিবি সদস্যরা সহযোগিতা করেছেন। বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর ট্রাভেল পাস দেওয়া হয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট