logo

দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ফেরার পথে আটক ৬ ভারতীয়

দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ফেরার পথে আটক ৬ ভারতীয়
আটককৃতরা। ছবি: বিজিবির সৌজন্যে

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে ৩৯ বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে, একই দিন বিকেলে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার মঞ্জু মুক্তির ছেলে আবিদ মুক্তি (২৬), একই এলাকার আনারুলের মেয়ে আনোয়ারা (২০), আবিদ মুক্তির ছেলে আকিব (শিশু), শেখ রাজার মেয়ে নুরজাহান খাতুন, মেহেদী হাসান শেখের ছেলে সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রামচন্দ্রকুড়া বিওপির টহল দল পানিহাতা মিশনমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ছয় ভারতীয় নাগরিককে আটক করে।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এরপর থেকেই তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হো‌সেন বলেন, বিজিবি তিন শিশুসহ ছয়জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।