সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন আহমেদ সিলেটের বালাগঞ্জ থানার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে। আহত যুবকের নাম জাবের আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই যুবক মোটরসাইকেলে করে চন্ডিপুল পয়েন্ট থেকে সিলেট নগরীর দিকে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তুহিন ও পেছনে বসা জাবের গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তুহিন আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত জাবের আহমদ বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






