আ.লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে সিলেটের রাজপথে দুই মন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সিলেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জুমার নামাজের পর নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে দুই মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্যে দুই মন্ত্রী ও বিএনপি নেতারা বলেন, যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে সিলেটের জাতীয়তাবাদী শক্তির সব ইউনিট ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বক্তারা আরও বলেন, রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাস না চালিয়ে সাহস থাকলে তাদের দিনের আলোতে প্রকাশ্যে আসা উচিত।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এ ছাড়া জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।




