বাংলাদেশের চা শিল্পের প্রচারে সিলেটে পর্তুগিজ রাজকন্যা

বাংলাদেশের চা শিল্পকে বিশ্ববাজারে তুলে ধরতে এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’-এর সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা। লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের আয়োজনে তিনি এ বিশেষ সফরে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে রাজকন্যা সিলেট ও মৌলভীবাজারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সিলেটের চায়ের ঐতিহ্য ও আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান এবং লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের নবপ্রতিষ্ঠিত চা প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করবেন তিনি। সেখানে চা শ্রমিকদের মজুরি, কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশি চায়ের বিশেষ মিশ্রণ ‘সিলেট টি-দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’-এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। পর্তুগিজ রাজপরিবার এই চা নিজেদের ‘রাজপরিবারের চা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের ৪৪তম চায়ের উৎস হিসেবে বাংলাদেশ যুক্ত হলো। একই দিনে রাজকন্যা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
সংশ্লিষ্টদের মতে, পর্তুগিজ রাজকন্যার এই সফর এবং নতুন ব্র্যান্ডিং উদ্যোগ ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে সিলেটের প্রিমিয়াম চায়ের পরিচিতি ও রপ্তানি সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।





