সিলেটে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানাধীন কাজলশাহ ও জিন্দাবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিলেট নগরের কাজলশাহ এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২) এবং শাহপরান থানার বাহুবল গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ (২৫)। নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি মডেল থানার একটি দল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের ওই নেতা এবং ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।





