logo

পর্যটকদের মারধরের চেষ্টা, আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

পর্যটকদের মারধরের চেষ্টা, আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা তাকে ঘিরে ধরে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করে হেফাজতে নেন। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।