logo

সিলেটের ষষ্ঠ পৌরসভা হিসেবে অনুমোদন পেল ‘জৈন্তাপুর’

সিলেটের ষষ্ঠ পৌরসভা হিসেবে অনুমোদন পেল ‘জৈন্তাপুর’
ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় (১৬ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা বেড়ে ছয়ে উন্নীত হয়েছে।

নির্বাচনের মাত্র ৯ মাসের মাথায় এই প্রাপ্তিতে স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতি ও গত ২৫ ফেব্রুয়ারি পাঠানো আধাসরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে এ অনুমোদন মিলেছে।

Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলার দুটি ইউনিয়নের ১২টি মৌজা নিয়ে এ পৌরসভা গঠিত হয়েছে। এগুলো হলো- ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজার অংশবিশেষ। ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার অংশবিশেষ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী ও বাহারুল আলম বাহার জানান, মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের অবহেলিত এ অঞ্চলের মানুষ কোনো দাবি ছাড়াই এ উপহার পেয়েছেন, যা উন্নয়নকে বহুগুণে বাড়িয়ে দেবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সরকারও একে যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

অনুমোদনের খবরে সোমবার বিকেলে উপজেলা সদরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল ও সন্ধ্যায় মিষ্টি বিতরণ করা হয়। এর মাধ্যমে জৈন্তাপুরে পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।