logo

কুমিল্লায় ডেনিম কারখানা বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম কারখানা বন্ধ ঘোষণা
ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড। ছবি: এশিয়া পোস্ট

বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কুমিল্লার চান্দিনায় ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ কারখানা বন্ধের নোটিশে কর্মহীন হওয়ার শঙ্কার পাশাপাশি সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শ্রমিকেরা।

রোববার (১৫ নভেম্বর) সকালে চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় অবস্থিত কারখানাটির প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের সময়সীমা নিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে মতবিরোধের পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কারখানার নোটিশে বলা হয়েছে, সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব বিভাগ চালু হলে আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে পরবর্তী ৩০ দিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শত শত শ্রমিক। এক মাস কারখানা বন্ধ থাকলে তাদের আয় বন্ধ হয়ে যাবে। এতে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন শ্রমিকেরা। পাশাপাশি তাদের ওপর নির্ভরশীল পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শ্রমিকদের কর্মস্থলে উপস্থিতি কমে যাওয়ায় বেলাশহর এলাকার দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়েছে।

কারখানার শ্রমিক হান্নান মিয়া বলেন, কয়েক বছর ধরেই বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমস্যা চলছে। কয়েক মাসের বেতন বকেয়া হলে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে বেতন পরিশোধের আশ্বাস পেলে তারা কাজে ফিরে যান।

তিনি আরও বলেন, প্রায় চার মাস আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রশাসনের উপস্থিতিতে সভা হয়। সেখানে প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধের বিষয়ে লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী তিন থেকে চার মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয় চলতি মাসের ৩ তারিখে।

তার ভাষ্য, অক্টোবর মাসের বেতন ১৫ নভেম্বর পরিশোধের কথা ছিল। কিন্তু ১২ নভেম্বরের এক সভায় মালিকপক্ষ ২৫ নভেম্বর বেতন দেওয়ার কথা জানায়। শ্রমিকেরা এতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়।

তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কারখানাটির পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ব্যাংক থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা না পাওয়ায় কারখানা পরিচালনায় সমস্যা হচ্ছে। সময়মতো তৈরি পোশাক সরবরাহ করতে পারলে উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব। কিন্তু শ্রমিকেরা নিয়মিত কাজে আসেন না এবং ওভারটাইম করতেও চান না। ফলে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

আলমগীর হোসেনের দাবি, শ্রমিকদের শুধু অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। ১২ নভেম্বরের সভায় ২৫ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকেরা সেই প্রস্তাবে রাজি হননি। বরং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাধ্য হয়ে এক মাসের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, তিনি চান্দিনায় যোগদানের পর থেকেই কারখানাটির শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি শুনে আসছেন। আগে তিন থেকে চার মাসের বেতন বকেয়া থাকত। পরে প্রশাসনের উদ্যোগে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেওয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়।

তিনি বলেন, এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধের জন্য ১৫ দিনের বেশি সময় চেয়েছিল। রোববার শ্রমিকদের বুঝিয়ে ২৫ নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। কিন্তু শ্রমিকেরা কারও কথা শুনতে রাজি হননি।

তিনি আরও বলেন, শ্রমিকেরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করতে পারে বলে তারা জানতে পেরেছেন। কাজে ফিরতে আগ্রহী শ্রমিকদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।