logo

ভার্চুয়াল হাজিরায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

ভার্চুয়াল হাজিরায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তারের পুরোনো ছবি।

রাজধানীর মিরপুর মডেল থানার মোক্তার হোসেন হত্যাচেষ্টার নতুন মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালতে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেপ্তার অপরজন হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবর।

এদিন কারাগার থেকে আসামি মমতাজ ও রমজানকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন।

শুনানিতে কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। তিনি বিচারকের উদ্দেশে বললেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী ছাড়া আমার কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’

শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেতে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই অবস্থায় গত ১১ নভেম্বর মিরপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. হাফিজুল ইসলাম এই মামলায় আসামি মমতাজসহ দুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, মমতাজ বেগম ও রমজান আলী মাদবর আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তারা এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় এ মামলার ঘটনা সংঘটিত করেছেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এসময় তার ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করে আসামিরা।

গুলিবিদ্ধ শাকিলকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করে অপারেশন করা হয়।

চিকিৎসক জানান, শাকিলের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত আসনে সংসদের সদস্য হন। পরবর্তী ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হারের পর অনেকটা আড়ালে চলে যান তিনি।