logo

এক নম্বরেই শেষ পাঁচ বছরের অপেক্ষা, নেপালে ফিরছেন রিয়াম

এক নম্বরেই শেষ পাঁচ বছরের অপেক্ষা, নেপালে ফিরছেন রিয়াম
শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগরে আসেন। এ সময় নেপালি যুবক রিয়ামকে সঙ্গে নিয়ে যান। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় পাঁচ বছর পরিচয়হীন অবস্থায় কাটানোর পর অবশেষে নিজ পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়াম আনসারী। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগর থেকে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা তাকে নিয়ে যান।

Advertisement

রিয়ানের বাড়ি নেপালের বারা জেলার কালাইয়া থানায়। তিনি বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে নেপাল দূতাবাস। তার পরিবারের সদস্যরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে রিয়াম দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াতেন। এ সময় ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন। এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা করে আসছিলেন তিনি। ভাষাগত ও পরিচয়সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি রিয়াম।

চলতি বছরের জুলাই মাসে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়। খোঁজ মেলে নেপালে থাকা পরিবারের সদস্যদের। এরপর থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয়। পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি।

আশ্রয়দাতা পলাশ আহমেদ জানান, প্রায় চার বছর ধরে রিয়াম তার কাছে রয়েছেন। শুরুতে ভাষা বুঝতে বেশ কষ্ট হতো। তবে এখন তিনি কিছুটা বাংলা বলতে পারেন। জুলাই মাসে পরিবারের ফোন নম্বর পাওয়ার পর থেকে প্রতিদিন চার-পাঁচবার স্বজনদের সঙ্গে কথা বলতে চান রিয়াম। পরিবারের কাছে ফিরতে পেরে তিনি খুবই খুশি।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, রিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় ছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাকে নিয়ে গেছেন।

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে রিয়ামকে নিজ দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাবান্ধা সীমান্তে তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, সরকারি নিয়ম অনুসরণ করেই তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট