মাত্র ২৬ রানে অলআউট নেপাল, ভারতের ৩০৬ রানে বিশাল জয়

৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই অলআউট! পুরো ১২ ওভারও টিকতে পারল না নেপাল। ভারতের দুই পেসার হার্ষিত রানা ও প্রিন্স যাদবের তোপে রীতিমতো ধসে পড়েছে দলটির ব্যাটিং লাইনআপ। রাইজিং স্টারস এশিয়া কাপে নেপালকে ৩০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত 'এ' দল। সেই সঙ্গে লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ড গড়েছে নেপাল।
শুক্রবার (২০ নভেম্বর) কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রান তোলে ভারত 'এ'। জবাবে মাত্র ১১ ওভার ৩ বলে ২৬ রানে গুটিয়ে যায় নেপাল। দুই দলের মিলিয়ে ম্যাচ শেষ হতে প্রয়োজন হয় মাত্র ৬১ ওভার ৩ বল।
বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নেপাল। ইনিংসের তৃতীয় বলেই অর্জুন কুমালকে শূন্য রানে ফেরান হার্ষিত রানা। এরপর দ্বিতীয় ওভারে দীপক দুমরে ও বাসির আহমাদকে তুলে নেন প্রিন্স যাদব। তৃতীয় ওভারে রানা ফিরিয়ে দেন কুশল ভুর্তেলকে। মাত্র ১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে নেপাল।
সেই ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারীরা। সপ্তম ওভারে রশিদ খানকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন রানা। পরের ওভারে পাওয়ান সরাফকে ফিরিয়ে দেন প্রিন্স। নবম ওভারের প্রথম বলে লোকেশ বামকে তুলে নিয়ে চতুর্থ উইকেট পূর্ণ করেন রানা। তখন নেপালের সংগ্রহ ৭ উইকেটে মাত্র ১৭ রান।
শেষ দিকে প্রতিশ জিসি ও অধিনায়ক সন্দীপ লামিচানেকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন প্রিন্স। এরপর শাহবাজ আহমেদের বলে নন্দন যাদব স্টাম্পড হলে ২৬ রানেই শেষ হয় নেপালের ইনিংস।
মাত্র ৫ ওভারে ৬ রান দিয়ে ৫ উইকেট নেন প্রিন্স। অন্যদিকে ৬ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন রানা। বাকি উইকেটটি নেন শাহবাজ। নেপালের পাঁচ ব্যাটার ফেরেন রানের খাতা না খুলেই। দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৬ রান করে করেন পাওয়ান সরাফ ও রশিদ খান।
অথচ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া নেপালের শুরুটা ছিল দুর্দান্ত। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর সঙ্গে আয়ুশ বাদোনিকেও দ্রুত ফিরিয়ে দেয় তারা। মাত্র ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।
সেখান থেকে অধিনায়ক তিলক ভার্মা ও উইকেটরক্ষক ব্যাটার কুমার কুশাগ্রর জোড়া সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় ভারতীয়রা। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ২০৬ রান।
কুশাগ্র ১০২ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেন ১১৭ রান। অন্যদিকে তিলক ১১৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ১০৭ রানের ইনিংস। শেষ দিকে সূর্যাংশ শেডগের ১৪ বলে এক চার ও চার ছক্কায় অপরাজিত ৩৬ রানের ঝোড়ো ইনিংসে ৩৩২ রানের সংগ্রহ পায় ভারত। নেপালের হয়ে তিনটি করে উইকেট নেন সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।
এই হারে লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন সংগ্রহের বিব্রতকর রেকর্ড গড়েছে নেপাল। এই সংস্করণে সর্বনিম্ন ১৮ রানে অলআউট হওয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে বার্বাডোজের বিপক্ষে ওই রানে গুটিয়ে গিয়েছিল তারা।
এরপর ২০১২ সালে শ্রীলঙ্কার সারাসেন্স স্পোর্টস ক্লাব ১৯, ১৯৭৪ সালে ইয়র্কশায়ারের বিপক্ষে মিডলসেক্স ২৩ এবং ২০১৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওমান ২৪ রানে অলআউট হয়েছিল।
মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়ে সেই তালিকায় এবার নাম লেখাল নেপাল। অন্যদিকে ৩০৬ রানের দাপুটে জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপ অভিযান শুরু করল তিলক ভার্মার দল। আগামী রোববার (২২ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে ভারত 'এ'।







-05423c-720x405.webp)