নেপালে আন্তর্জাতিক কাবাডির মঞ্চে প্রতিনিধিত্ব করবেন সাতক্ষীরার রায়হান

সাতক্ষীরার দেবহাটা উপজেলার প্রত্যন্ত কুলিয়া থেকে আন্তর্জাতিক কাবাডির মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ খেলোয়াড় মো. রায়হান হোসেন। আগামী ২১ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের হয়ে মাঠে নামবেন তিনি। তার এই অর্জনে আনন্দে উদ্বেলিত কুলিয়াসহ পুরো দেবহাটার ক্রীড়াঙ্গন।
রায়হান হোসেন কুলিয়া ইউনিয়নের কৃতী সন্তান। তিনি স্থানীয় বাসিন্দা মো. সাহেব আলীর ছেলে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কাবাডি বিভাগের প্রশিক্ষণার্থী রায়হান চলতি বছর সেখান থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। পড়াশোনার পাশাপাশি কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের মধ্য দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
একজন তরুণ খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের জন্যও গর্বের বিষয়। তৃণমূল থেকে উঠে এসে বিকেএসপিতে প্রশিক্ষণ নেওয়া এবং জাতীয় দলের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া রায়হানের এই যাত্রা স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
রায়হানের এমন সাফল্যে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক মঞ্চে তার অংশগ্রহণ ঘিরে কুলিয়া ও দেবহাটার মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।
এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা রায়হানের জন্য শুভকামনা জানিয়ে বলেন, দেশের পতাকা হাতে আন্তর্জাতিক অঙ্গনে সে যেন নিজের প্রতিভার সর্বোচ্চ প্রমাণ দিতে পারে। তার হাত ধরে বিশ্ব কাবাডিতে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি সাতক্ষীরার নামও উজ্জ্বল হবে-এমন প্রত্যাশা সবার।





-77a6bf-720x405.webp)