logo

নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকে দেশে ফেরানোর চুক্তি, আটক ২

নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকে দেশে ফেরানোর চুক্তি, আটক ২
বাঁ থেকে শহিদুল ইসলাম ও মো. বারি। ছবি : বিজিবির সৌজৈন্যে

সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে অর্থের বিনিময়ে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় মানব পাচার, চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধীন খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মো. বারি (৪২)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. মন্টু লাল ও নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মো. বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযান শেষে আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট