logo

সাতক্ষীরায় মা-মেয়েকে বেঁধে বাড়িতে ডাকাতি

সাতক্ষীরায় মা-মেয়েকে বেঁধে বাড়িতে ডাকাতি
কালিগঞ্জে ডাকাতির পর এলোমেলো অবস্থায় থাকা আলমারি ও ঘরের ভেতরের দৃশ্য। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার কালিগঞ্জে বসতবাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ছনকা গ্রামের নিয়ামুল মাস্টারের বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা তার স্ত্রী রওশন আরা ও মেয়ে তাসফিয়ার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে তারা। পরে ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, একটি সিম্ফনি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লুট হওয়া স্বর্ণের চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া স্মার্টফোনের মূল্য ১০ হাজার এবং দুটি বাটন ফোনের মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানা গেছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।