অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ কঠোরভাবে দমনে মৌলভীবাজার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহল ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
মৌলভীবাজারের দুর্গম পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের একাধিক অপচেষ্টা লক্ষ্য করা গেছে। এসব অপচেষ্টা প্রতিহত করতেই সীমান্তে এই সতর্কাবস্থা নিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।
বিজিবি সূত্র জানায়, সম্প্রতি বিজিবির তৎপরতায় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী প্রায় ৭০ থেকে ৭৫ জনকে প্রতিহত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির চলাচল বা অনুপ্রবেশের চেষ্টা দেখা মাত্রই দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় লোকজনকে অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি, দুর্গম সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে ড্রোন ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে। নিয়মিত টহল ও জনসম্পৃক্ততার এই চার স্তরের সমন্বয়ে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, সীমান্তে অনুপ্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতাও আমাদের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে।

