logo

দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: জাহেদ উর রহমান

দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুরোনো ছবি

দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যেই নতুন মজুরি কাঠামো নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করা হবে। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। তবে এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।

Advertisement

এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। কয়েকটি স্থানে সড়ক অবরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ প্রস্তুত থাকলেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে চুক্তি নবায়নের সম্ভাবনাও দেখছেন না তিনি।

জাহেদ উর রহমান আরও জানান, গঙ্গার পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের কোনো সম্পর্ক নেই।

এ ছাড়া গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড বরদাশত করবে না সরকার। সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসম্ভব কম বলপ্রয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।