ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উজিরপুর বাজার থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেডের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও মানববন্ধন শুরু করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন চরমোনাই কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি মাওলানা মো. মাসুদ হাসান ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. ইউসুফ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুৎ সরদার কমরেড।
বক্তারা বলেন, ইউএনও মো. আলী সুজা দায়িত্ব নেওয়ার পর উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, সরকারি সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে তার পদক্ষেপে স্থানীয় মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, একজন সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে স্থায়ীভাবে থাকবেন না, এটি স্বাভাবিক। তবে উজিরপুরে তাঁর শুরু করা উন্নয়ন কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নিতে তাকে আরও কিছুদিন দায়িত্বে রাখা প্রয়োজন। এ কারণে তারা বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলামের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর তারা মানববন্ধন চালিয়ে যান।
কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ইউএনও মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

