রাজধানীতে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ দলের ৯ জন গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত যাত্রাবাড়ী, রামপুরা ও খিলগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। এ ছাড়া চলমান আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও তার পরিচয় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) ও রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
এ ছাড়া খিলগাঁও থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ছাত্রলীগের কর্মী নাফিজ ইবনে সাঈদ (১৯) এবং খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৬)।
ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে খিলগাঁও মডেল কলেজের সামনে থেকে নাফিজকে এবং একই দিন রাত ৯টা ৩০ মিনিটে ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

